Wednesday, September 23

দেশের বাজারে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের গত ২০ মার্চ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ অংশীদারত্ব বাংলাদেশের অটোমোবাইল শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে দেশীয় গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এ অংশীদারত্ব রানার অটোমোবাইলসের ব্যবসা সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি বৈশ্বিকভাবে সুপরিচিত প্রতিষ্ঠানটির সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে পর্ষদ।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২টি। এর মধ্যে ৫০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৪ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি ২৪ দশমিক ৬২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version