Sunday, September 27

দেশের সুতা উৎপাদনকারী টেক্সটাইল মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই।’

তিনি বলেন, টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধের কোনো বাস্তব উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।’

বিটিএমএ সভাপতি অভিযোগ করে বলেন, সংকট সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। ‘সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনো সমাধান আসছে না,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত দ্রুত না এলে দেশের টেক্সটাইল খাত আরও গভীর সংকটে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে।

সংবাদ সম্মেলনে বিটিএমএর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version