Monday, September 21

দেশের আরও দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২০ জানুয়ারি) এ ডলার কেনা হয়। প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সে সময়ও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। তারও আগে গত ৮ জানুয়ারি ১৫টি ব্যাংক থেকে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মঙ্গলবার দুইটি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৪৫ মিলিয়ন (৪ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট উভয়ই ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ এই ক্রয়ের ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার, যা ৩ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের বেশি।

এদিকে নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৭৪ কোটি ৩০ লাখ (৭৪৩ মিলিয়ন) মার্কিন ডলার। আর চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৩ হাজার ৮৭৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

Share.
Exit mobile version