Friday, October 30

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে পর্ষদ সভা আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১২ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে নিয়ে পর্ষদ সভা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

যে তিনটি কোম্পানিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। শনিবার (১৭ জানুয়ারি) বিএসইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএসইসি জানায়, দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো আইনগত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং করপোরেট শাসনব্যবস্থা নিশ্চিত করতেই কমিশন এই বিশেষ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ত্রৈমাসিক আর্থিক হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল করেনি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় পর্ষদ সভা আহ্বানে জটিলতা তৈরি হয়েছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের আদেশ কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নির্দিষ্ট করে এই তিন কোম্পানিকে পর্ষদ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসি আরও জানায়, কমিশন আইন অনুযায়ী অন্যান্য অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধেও পর্ষদ পুনর্গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version