খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।
নিহতের প্রতিবেশী রিপন মোল্লা জানান, জামায়াতের নেতাকর্মীরা খুলনায় লংমার্চের কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথে চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান রিপন। পথচারীকে চাপা দেওয়ার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান বলেন, লংমার্চ থেকে ফেরার পথে আকস্মিকভাবে ওই বৃদ্ধ বাসটির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে নেতাকর্মীদের বহনকারী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ওই বৃদ্ধও মারা গেছেন। স্থানীয় লোকজন তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসের চাপায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বাসটিও সড়কের পাশে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসচালকের অবস্থা কিছুটা গুরুতর হলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।


