নাশকতার চক্রান্ত ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে (৩৫) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, গত ২৪ সেপ্টেম্বর কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনের সময় তারা জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে ওই এলাকায় আসছেন। তাদের নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল বলে পুলিশের অভিযোগ।
পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে কয়েকজন সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের অভিযোগ, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিরুজ্জামান অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে এবং সংগঠনগুলোকে সংগঠিত করার চেষ্টা করতে দেখা গেছে।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, মামলার মূল রহস্য উদ্ঘাটন, অনিকের সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, অনিরুজ্জামান অনিকের পিসিপিআর যাচাই করে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঢাকায় আটক অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।
ম্যাংগোটিভি / আরএইচ

