Tuesday, September 1

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের বাসটি লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দায়ীদের শাস্তির দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটি সরানোর কাজ চলছে।

ঘটনার বিষয়ে উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version