বাজার সম্প্রসারণ, ডিলার ও রিটেইলার নেটওয়ার্ক শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করতে জাতীয় সেলস মিটিং করেছে ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের মোবাইল বিভাগ। আইপ্রো মোবাইলের জাতীয় পরিবেশক হিসেবে ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও নতুন কর্মপরিকল্পনা নিয়ে এ আয়োজনে আলোচনা করা হয়।
সোমবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সেলস মিটিং অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রয় প্রতিনিধিদের পাশাপাশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিটিংয়ে বাজার উন্নয়ন, ডিলার ও ব্যবসায়িক অংশীদার ব্যবস্থাপনা, রিটেইলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দল গঠনের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ে বিক্রয় কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং নতুন বাজার ও ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।
ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম তৌফিক বলেন, জাতীয় সেলস মিটিং শুধু একটি আনুষ্ঠানিক সভা নয়; এটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত বিক্রয়কর্মীদের বাস্তব অভিজ্ঞতা, বাজারের চাহিদা এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতি এক জায়গায় তুলে আনার সুযোগ তৈরি করে জাতীয় সেলস মিটিং। এর মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। অন্যদিকে বিক্রয় দল প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়।
এম তৌফিক আরও বলেন, একটি কার্যকর জাতীয় সেলস মিটিংয়ে শুধু বিক্রয়ের লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয়। আগের সময়ের বিক্রয় পরিস্থিতি পর্যালোচনা, অঞ্চলভিত্তিক কার্যক্রম মূল্যায়ন, পণ্যভিত্তিক বিক্রয় বিশ্লেষণ, ডিলার ও রিটেইলারদের কার্যক্রম এবং নতুন বাজার সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়।
মিটিংয়ে বিক্রয়ের লক্ষ্য ও অর্জনের তুলনামূলক চিত্র, অঞ্চলভিত্তিক ও পণ্যভিত্তিক বিক্রয়, ডিলারদের কার্যক্রম, নতুন ডিলার যুক্ত হওয়া, সক্রিয় ডিলারের সংখ্যা, বাজারে পণ্যের মজুত এবং অর্থ সংগ্রহের অবস্থাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
এ ছাড়া নতুন পণ্য ও প্রচারণা কার্যক্রম, বাজারের বর্তমান পরিস্থিতি, প্রতিযোগীদের কৌশল এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত বিক্রয়কর্মী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীদারদের একই লক্ষ্য ও কর্মপরিকল্পনার আওতায় আনাই জাতীয় সেলস মিটিংয়ের অন্যতম উদ্দেশ্য। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এ ধরনের আয়োজন শুধু বিক্রয় বাড়াতেই নয়, প্রতিষ্ঠানের সামগ্রিক সাংগঠনিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছে, নতুন লক্ষ্য, নতুন বাজার এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে রেখে আরও শক্তিশালী, সংগঠিত ও গতিশীলভাবে কাজ করবে প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগ।
ম্যাঙ্গো ও আইপ্রো-একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নতুন লক্ষ্য অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
