সিলগালা ভেঙে গোপনে হোটেল পরিচালনার অভিযোগে বগুড়ায় নারী-পুরুষসহ ২০ জনকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অপর ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহরের তিন মাথা এলাকায় অবস্থিত ‘হোটেল অবকাশ’-এ র্যাব-১২, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেলটি অনিবন্ধিত হওয়ায় এর আগে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়েছিল। তবে সিলগালা পাশ কাটিয়ে হোটেলের অন্য পাশে নতুন একটি গেট তৈরি করে গোপনে কার্যক্রম চালানো হচ্ছিল বলে তথ্য পায় র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে হোটেলটিতে অভিযান চালানো হয়। এ সময় নতুন তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ ও ছাদে তল্লাশি চালানো হয়। পরে নারী-পুরুষসহ ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জন নারী ও ছয়জন পুরুষ।
বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন হোটেল পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অনিবন্ধিত হোটেল অবৈধভাবে পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাকি ১৬ জনের মধ্যে ১৪ জন নারী ও দুইজন পুরুষ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
অভিযানে মাদক ও মাদক গ্রহণের বিভিন্ন আলামত এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এসব আলামত জব্দ করা হয়েছে।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সরেজমিনে সিলগালা পাশ কাটিয়ে হোটেল পরিচালনার প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে থাকা ব্যক্তিদের কাছ থেকে মাদকসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় উপযুক্ত ধারায় নিয়মিত মামলা করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলকে ঘিরে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগেও সেখানে প্রশাসনের অভিযান হয়েছে। তাদের দাবি, শুধু অভিযান নয়, হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক।
ম্যাংগোটিভি /আরএইচ


