উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে এখন থেকে রংপুরে ছুটতে হবে না। সংশ্লিষ্টদের ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সড়ক জোনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
নতুন এ সড়ক জোনের আওতায় থাকবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা। এসব জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কার্যক্রম এখন থেকে বগুড়া থেকেই পরিচালিত হবে।
সওজের নতুন জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এতদিন এসব জেলার সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য সংশ্লিষ্টদের রংপুরে যেতে হতো। বগুড়ায় সড়ক জোন চালু হওয়ায় যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ আরও দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
পরে সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ম্যাংগোটিভি /আরএইচ

