Saturday, September 26

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে এক মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তার স্ত্রী সুবনা রায়ও বাড়িতে থাকার সময় একইভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হন। দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় পুলিশে এএসআই হিসেবে জয়পুরহাটে কর্মরত, আর ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকার পুলিশ সদস্য।

স্থানীয় দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কাজ করেন। প্রতিদিনের মতো সকালে গেটে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি গ্রামবাসীদের সহায়তায় মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। সূত্র: সমকাল

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version