খেলাপি ঋণ আদায়ে নাসা গ্রুপের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি জব্দ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। রাজধানীর গুলশান-১-এ অবস্থিত ওই জমির ওপরই রয়েছে সিটি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়। অর্থঋণ আদালতের আদেশের পর সম্পত্তিটি জব্দ করে সেখানে নোটিশ টানিয়েছে ইউসিবি।
জানা গেছে, গুলশান মডেল টাউনের এসই (ডি) ব্লক-৩ এলাকায় এক বিঘা জমির ওপর নির্মিত স্থাপনা ও অবকাঠামোসহ পুরো সম্পত্তি আদালতের আদেশের আওতায় জব্দ করা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউসিবির টানানো নোটিশে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর অর্থঋণ আদালতের দেওয়া আদেশের ভিত্তিতে সম্পত্তিটি ব্যাংকের অনুকূলে জব্দ করা হয়েছে। সম্পত্তির প্রবেশপথে নোটিশটি দৃশ্যমানভাবে টানানো হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা তাইপেই টেক্সটাইল মিলস লিমিটেড ইউসিবি থেকে ঋণ নিয়েছিল। নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ না করায় তা খেলাপিতে পরিণত হয়। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কাছে ইউসিবির পাওনা প্রায় ১৫০ কোটি টাকা।
ঋণের অর্থ আদায়ে পরে অর্থঋণ আদালতে মামলা করে ইউসিবি। মামলায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট সম্পত্তি জব্দের আদেশ দেন। একই সঙ্গে আদালতের আদেশ অনুযায়ী সম্পত্তির স্থানে আনুষ্ঠানিক নোটিশ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
আদালতের আদেশের ভিত্তিতে দেওয়া নোটিশে আরও বলা হয়েছে, সম্পত্তিটির ওপর ইউসিবির আইনগত স্বার্থ ও দাবি প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের আদেশ অমান্য করে এ সম্পত্তি বিক্রি, ক্রয়, হস্তান্তর, নিবন্ধন বা অন্য কোনো ধরনের লেনদেন করা বেআইনি এবং তা আদালত অবমাননার শামিল হবে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্পত্তিটি নিয়ে কোনো ধরনের লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে ইউসিবির পূর্ব লিখিত অনুমতি প্রয়োজন হবে। আদালতের আদেশ লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
নাসা গ্রুপের ঋণখেলাপির ঘটনায় আদালতের আদেশে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক সম্পত্তি জব্দ হওয়ার বিষয়টি সামনে এসেছে। বর্তমানে ওই সম্পত্তিতেই সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চলছে।
