সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় তার কাছে থাকা নগদ টাকা জব্দ করা হয়। গণনা করে দেখা যায়, টাকার পরিমাণ ৭৪ লাখ। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ ব্যক্তি এবং তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত। তার দাবি, বহন করা টাকার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন বেলাল উদ্দিন। তার বয়স ৬০ বছরের বেশি এবং আগে থেকেই হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বর্তমানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version