চাঁদের কক্ষপথে ঐতিহাসিক সফর শেষে পৃথিবীতে নিরাপদে ফিরেছেন নাসার চার নভোচারী। দীর্ঘ ১০ দিনের এই চন্দ্রাভিযান শেষ হয় শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণের মাধ্যমে।

প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্যারাসুটের সাহায্যে অবতরণ করে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। আগে থেকেই সেখানে অবস্থান করা উদ্ধারকারী দল দ্রুত তাদের উদ্ধার করে। পরবর্তীতে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে নেওয়ার আগে নভোচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এই মিশনে অংশ নেন মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। তারা গত সপ্তাহে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। ১৯৭২ সালের অ্যাপোলো ১৭ মিশনের পর এটাই ছিল চাঁদের কক্ষপথে মানুষের প্রথম অভিযান।

এ মিশনের মাধ্যমে বেশ কিছু নতুন ইতিহাসও তৈরি হয়েছে। ভিক্টর গ্লোভার চাঁদের কক্ষপথে যাওয়া প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি, ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অ-মার্কিন নাগরিক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন।

বিশ্লেষকদের মতে, এই অভিযান ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। প্রকৌশলীরা এখন ওরিয়ন ক্যাপসুলের বিভিন্ন প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করবেন, যার লক্ষ্য ভবিষ্যতে আবারও মানুষকে চাঁদের মাটিতে অবতরণ করানো।

মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য তুলে ধরে বলেন, এই মহাবিশ্বে পৃথিবী একটি বিশেষ ও সুন্দর স্থান, যার মূল্যায়ন আমাদের সবারই করা উচিত।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version