সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে দলটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়া আমাদের ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে টাকাসহ আটকের বিষয়টি সাজানো নাটক। আমাদের দায়িত্বশীলরা বিষয়টি ক্লিয়ার করেছেন।’

জুবায়ের দাবি করেন, সংশ্লিষ্ট নেতা নিজের টাকা বহন করছিলেন এবং ঢাকা বিমানবন্দর থেকে এ বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছিল। ‘যেখান থেকে স্টার্ট করেছেন, সেখানে ক্লিয়ার করা হয়েছে। ঢাকায় কোনো সমস্যা হয়নি। কিন্তু সৈয়দপুরে বিষয়টিকে সাজানো নাটক হিসেবে উপস্থাপন করা হয়েছে,’ বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ এতে জড়িত।

জামায়াতের এই নেতা বলেন, আটক হওয়ার পর সংশ্লিষ্ট নেতা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি সুস্থ হলে বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান জুবায়ের।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন আসনে দলটির প্রার্থী, নেতাকর্মী ও এজেন্টদের ওপর হামলা চালানো হচ্ছে। নির্বাচনি অফিসে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইকিং করার ঘটনাও উল্লেখ করেন তিনি।

মৌলভীবাজার-১ আসনে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

কুমিল্লা-৪ আসনের এক প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগও করেন জুবায়ের। তার দাবি, প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version