দেশের দ্বিতীয় পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার দু’দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এটি এ ধরনের পঞ্চম আয়োজন।

প্রশিক্ষণে সিএসই ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ট্রেকধারী প্রতিনিধি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএসইর মহাব্যবস্থাপক ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর মহাব্যবস্থাপক ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম, মহাব্যবস্থাপক ও ব্যবসা ও বাজার উন্নয়ন বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত নিয়ন্ত্রক কাঠামো, ব্যবসায়িক দিক ও প্রযুক্তিগত বিষয় উপস্থাপন করেন মোহাম্মদ মর্তুজা আলম, কমোডিটি এক্সচেঞ্জ প্রকল্প সদস্য মো. ফয়সাল হুদা ও মোহাম্মাদ হাবিবুল্লাহ এবং সহকারী ব্যবস্থাপক দিদারুল আলম।

এছাড়া ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্চ অব ইন্ডিয়া (এমসিএক্স)-এর ভাইস প্রেসিডেন্ট ও গবেষণা প্রধান দেবজ্যোতি দে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণে যুক্ত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, দেশে কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ লক্ষ্যে বাজার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে। তিনি অংশগ্রহণকারীদের নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

মোহাম্মদ মনিরুল হক বলেন, ইক্যুইটি ও কমোডিটি বাজারের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, বিশেষ করে সেটেলমেন্ট পদ্ধতি ও মার্জিন ব্যবস্থায়। কমোডিটি বাজার আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তিত হয়, তাই বৈশ্বিক বাজার বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ মর্তুজা আলম বলেন, দু’দিনে পুরো কমোডিটি বাজার সম্পর্কে জানা সম্ভব নয়। তবে এ বুনিয়াদি প্রশিক্ষণ ভবিষ্যৎ অংশগ্রহণের পথ দেখাবে। প্রশিক্ষণ-পরবর্তী সময়েও বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চার আহ্বান জানান তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version