পুঁজিবাজারে সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি (মার্কেট কন্ট্রোল প্যারামিটারস) নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব এখন থেকে স্বাধীনভাবে পালন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ লক্ষ্যে ২০২১ সালে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গত ৩০ জুন অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন জানায়, বিদ্যমান প্রবিধানমালা অনুযায়ী ডিএসই ও সিএসইর সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার রয়েছে। তাই প্রযোজ্য প্রবিধান, নীতিমালা এবং কার্যক্রম পরিচালনার প্রয়োজন অনুযায়ী স্টক এক্সচেঞ্জ দুটি এখন থেকে স্বাধীনভাবে এসব মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়ন করবে।
এ সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২১ সালের ১৭ জুন জারি করা বিএসইসির Order No. BSEC/Surveillance/2020-975/219 বাতিল (রিপিল) করা হয়েছে।
এদিকে একই জরুরি কমিশন সভায় বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে এবং বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থ বিবেচনায় ট্রাস্টি চাইলে অর্থবছর শেষে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় লভ্যাংশ (ডিভিডেন্ড) হিসেবে বিতরণ না করে ফান্ডে পুনর্বিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।
বিএসইসির মতে, এ সিদ্ধান্তের ফলে বাজার পরিস্থিতি বিবেচনায় ফান্ড ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আসবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।


