জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি।

জানা গেছে, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার নামে মামলা করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা চারবার এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরবর্তীতে সংসদ ভেঙে দেওয়া হলে একই বছরের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version