সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের কোনোভাবেই নিরুৎসাহিত না করতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের কাছ থেকে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকগুলোকে এই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের সাধারণ গ্রাহকদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে যে সঞ্চয়পত্র বিক্রির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও কিছু তফসিলি ব্যাংক নানা প্রক্রিয়ায় বা অজুহাতে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
এই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংককে স্মরণ করিয়ে দিয়েছে যে, ‘সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭’-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক মূলত সঞ্চয়পত্রের ‘ইস্যু অফিস’ হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তাই সাধারণ বিনিয়োগকারীদের কাছে চাহিদা অনুযায়ী নিয়মিত সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করা তাদের আইনি দায়িত্ব।
তফসিলি ব্যাংকগুলোর জন্য জারিকৃত নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলোর প্রতিটি শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের যেকোনো ধরনের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে বিশেষ চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ম্যাংগোটিভি / আরএইচ


