বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় আন্ডারপাস সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে একটি পাথরবোঝাই ট্রাক সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল।

রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুর রহমান নিহত হন। এ সময় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version