শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক ইসমাইল হোসেন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
ম্যাংগোটিভি /আরএইচ

