রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, রায় কার্যকরের বিষয়ে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে এবং ডেথ রেফারেন্সের কার্যক্রম আইনানুগভাবে দ্রুত এগিয়ে নিতে অনুরোধ জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ নজির। একই সঙ্গে পুলিশের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমও প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, রামিসা মামলা ছাড়াও গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন আলোচিত অপরাধের ঘটনায় পুলিশের ভূমিকা মূল্যায়ন করা হবে। দায়িত্বশীল ও কার্যকর ভূমিকার জন্য সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, আবার ব্যর্থতার ক্ষেত্রে তিরস্কারও করা হবে—এটাই পেশাদার ব্যবস্থাপনার অংশ।’
এদিকে আলোচিত রামিসা হত্যা মামলায় রোববার আদালত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র কয়েক দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল এবং দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষে ২০ দিনের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়, যা বিচারিক অগ্রগতির একটি ব্যতিক্রমী নজির হিসেবে দেখা হচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ

