বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন প্রক্রিয়া শুরু হয়। প্রথমে দাফন করা হয় পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে। পরে পর্যায়ক্রমে নিহত অন্যদের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে নিহত চারজনের দাফন সম্পন্ন হয়। একইসঙ্গে রামপালে মাইক্রোবাসের চালকের দাফনও সম্পন্ন করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।
ম্যাংগোটিভি /আরএইচ

