পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুসহ সকল অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প’ (ইয়ুথ)-এর উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, সবকিছুর জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান ইয়ুথের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন ঈদুল ফিতরসহ পার্বত্য অঞ্চলের সকল উৎসব যেন আনন্দময় হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।সংগঠনের সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, জেলা বিএনপি নেতা শ্বাসত চাকমা রিংকু এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম, ইয়ুথের উপদেষ্টা মো. নুরুজ্জামান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রবিউল আলম রবি এবং উপদেষ্টা ফজলুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়া হয়।


