দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও কার্যকর করতে কাজ করছে নতুন সরকার-এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল-এমন অভিযোগ রয়েছে। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো সেগুলোকে পুনরায় কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা দেখিয়েছে, তার প্রতিদান দিতে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার করেন মন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version