স্থানীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের মাধ্যমে দেশের সামগ্রিক জনঅর্থায়ন কাঠামো সংস্কারের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে ব্যাংক ঋণের উচ্চ সুদের চাপ কমিয়ে বেসরকারি খাতের বিনিয়োগ পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ার ফলে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। আগামী অর্থবছরগুলোর বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার ১০ থেকে ১৩ শতাংশ উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি খাতের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
মাত্র দেড় মাসের প্রস্তুতিতে বর্তমান বাজেট প্রণয়ন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের কাছ থেকে প্রায় ৫০০ কোটি টাকার বিদ্যুৎ বিলসহ বিপুল পরিমাণ বকেয়া বিল উত্তরাধিকারসূত্রে পাওয়া গেছে। এছাড়া চলতি বাজেটের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, যার ফলে সরকারের আর্থিক সক্ষমতা বা ‘ফিসকাল স্পেস’ সংকুচিত হয়ে আসছে।
সামাজিক নিরাপত্তা খাত নিয়ে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধাভোগী কর্মসূচির মাধ্যমে সরাসরি নাগরিকদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে। বিশেষ করে গৃহিণীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রতিবন্ধী ও কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি সেবা প্রদানের উদ্যোগ অব্যাহত রয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। দক্ষ জনশক্তি গঠনে স্কিল ডেভেলপমেন্ট, রিস্কিলিং ও আপস্কিলিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা (প্রিভেন্টিভ হেলথ কেয়ার) জোরদার করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠিত এই সংলাপে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারাও অংশ নেন।

