ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি) ‘বোর্ড লিডারশিপ’ শীর্ষক একটি কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম আয়োজন করেছে। গত ১৮ এপ্রিল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-বিআইএম-এর মাল্টি-পারপাস হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি-বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসবির প্রাক্তন কাউন্সিল সদস্য আখতার মতিন চৌধুরী।

আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত।

স্বাগত বক্তব্যে হোসেন সাদাত কর্পোরেট গভর্ন্যান্স অডিট ও সেক্রেটারিয়াল অডিট চালুর গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে তিনি বিডার উপদেষ্টা পর্ষদে একজন চার্টার্ড সেক্রেটারি অন্তর্ভুক্তির আহ্বান জানান।

মূল প্রবন্ধে আখতার মতিন চৌধুরী বলেন, একটি কার্যকর পরিচালনা পর্ষদ সুশাসন, কৌশল নির্ধারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তিনি নৈতিক নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন এবং পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানে সুশাসনের ঘাটতির বিষয়েও সতর্ক করেন।

আলোচক হিসেবে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাহারুল ইসলাম মোল্লা বলেন, শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতি ও আস্থাভিত্তিক সুশাসন টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি বোর্ড-ম্যানেজমেন্ট সম্পর্কের ভারসাম্য, জবাবদিহিতা ও ভবিষ্যতমুখী নেতৃত্বের ওপর গুরুত্ব দেন।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, পারিবারিক ব্যবসাকে পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরে স্বচ্ছতা ও শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিচালনা পর্ষদে বৈচিত্র্য ও কোম্পানি সেক্রেটারির কৌশলগত ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন চার্টার্ড সেক্রেটারিদের ‘অর্থনৈতিক প্রতিরক্ষা দল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সক্রিয় সংযোগ স্থাপন এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সেশন চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ নৈতিক নেতৃত্ব ও কার্যকর বোর্ড কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পরিচালকদের দায়িত্বের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠান শেষে উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালক ড. মীর শরিফুল বাশার এবং শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন আইসিএসবির প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য ইসরাত জাহান রিমি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version