বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবে-কে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নোবেলের বিরুদ্ধে একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে নোবেলকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এখন আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ম্যাংগোটিভি /আরএইচ

