‘সরকে চুনর তেরি’ গান ঘিরে তৈরি বিতর্কের জেরে অবশেষে মহিলা কমিশনের সামনে হাজির হয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রায় এক মাস ধরে চলা সমালোচনার পর তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
কমিশনের সামনে দেওয়া বক্তব্যে তিনি জানান, তার উদ্দেশ্য কখনোই সমাজে নেতিবাচক প্রভাব ফেলা ছিল না। একই সঙ্গে একটি সামাজিক উদ্যোগের ঘোষণা দিয়ে ৫০ জন আদিবাসী কন্যাশিশুর সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।
এদিন শুনানিতে উপস্থিত ছিলেন না অভিনেত্রী নোরা ফাতেহী। বিদেশে অবস্থানের কারণে তিনি আগেই সময় চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে। কমিশন সূত্রে বলা হয়েছে, তার জন্য নতুন করে শুনানির তারিখ নির্ধারণ করা হতে পারে।
উল্লেখ্য, ‘কে ডি: দ্য ডেভিল’ ছবির হিন্দি সংস্করণের একটি গানকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। গানটি প্রকাশের পর এর ভাষা ও উপস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে গানের কিছু অংশকে অশালীন বলে অভিযোগ ওঠে এবং নোরা ফাতেহীর নৃত্যভঙ্গিমা নিয়েও আপত্তি তোলা হয়।
শুনানিতে সঞ্জয় দত্ত আশ্বাস দেন, ভবিষ্যতে তার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কাজে নারী ও শিশুদের মর্যাদা ক্ষুণ্ণ হয়-এমন কিছু যেন না থাকে, সে বিষয়ে তিনি আরও সচেতন থাকবেন।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। ৩৩ বছর পর ‘খলনায়ক’-এর সিকুয়েল ‘খলনায়ক রিটার্নস’ নিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ

