ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান (ওভারস্টে) ঠেকাতে বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক ভিসা বন্ড নীতি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের সরকারি গেজেট ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিধান আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ব্যবসায়িক (বি-১) ও পর্যটন (বি-২) ভিসার আবেদন করলে প্রয়োজন অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে বলতে পারবেন।
তালিকাভুক্ত ৫০ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এছাড়া আফ্রিকার প্রায় ৩০টি দেশও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এর আগে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন বিধানে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মতে, ভিসার শর্ত লঙ্ঘন ও ওভারস্টে কমানোর লক্ষ্যেই এই ব্যবস্থা স্থায়ী করা হচ্ছে। তবে কোন আবেদনকারীর ক্ষেত্রে কত পরিমাণ বন্ড প্রযোজ্য হবে, তা সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
ম্যাংগোটিভি /আরএইচ

