দীর্ঘদিনের দাবির পর বগুড়াকে কেন্দ্র করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে। বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ-এই পাঁচ জেলা নিয়ে নতুন বগুড়া বিভাগ গঠনের বিষয়ে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন জারি হয়নি।
শনিবার (২৫ জুলাই) বগুড়ায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া বিভাগ গঠনের সম্ভাবনার ইঙ্গিত দেন। তিনি বলেন, বগুড়া ছাড়া বাকি চার জেলার সংসদ সদস্যরা বগুড়াকে বিভাগ ঘোষণার পক্ষে সমর্থন জানিয়েছেন। বগুড়াবাসীর দীর্ঘদিনের এ দাবি প্রধানমন্ত্রী গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তার বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং বগুড়াসহ আশপাশের জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
বগুড়া দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের অন্যতম প্রশাসনিক, শিক্ষা, বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন বিভাগ বাস্তবায়িত হলে সরকারি সেবার বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
সম্ভাব্য নতুন বিভাগের অন্তর্ভুক্ত জেলা হিসেবে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের নাম আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের বাসিন্দারা বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন।
তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি সম্ভাবনা ও আলোচনার পর্যায়েই রয়েছে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত দিলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ম্যাংগোটিভি /আরএইচ

