বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির হাতে আসার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবার দাম ঘোষণা করে সংস্থাটি। এটি দ্বিতীয় দফায় সমন্বয় করা হলো।

বিপিসির অধীন চারটি বিপণন কোম্পানি-পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ২ আগস্ট। পরবর্তীতে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে ন্যস্ত করা হয়। এরপর বিভিন্ন প্রস্তাব ও গণশুনানির মাধ্যমে নতুন দর চূড়ান্ত করা হলো।

বিশেষজ্ঞরা মনে করছেন, ফার্নেস তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও শিল্পখাতে উৎপাদন খরচ বাড়তে পারে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version