শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গ্রামের যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে দায়িত্বে ফাঁকি দিয়ে ঢাকা বা অন্যান্য শহরে অবস্থান করছেন, তাদের আবারও গ্রামে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খুলনা বিভাগীয় অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রামের যেসব শিক্ষক ২০ বছর ধরে ফাঁকি দিয়ে শহরে এসে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিজ নিজ কর্মস্থলে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে মিথ্যা তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নতুন ডিজিটাল আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফখরে আযম মু. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জিআইজি মো. রেজাউল হক, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

Share.
Exit mobile version