নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

বুধবার (৫ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বাবুল সরকার নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন প্রতিবাদ জানালে তাদের ওপর দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় শান্তা ফারজানাসহ ছয়জনকে সেখান থেকে থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই শাহবাগ থানায় মামলা দায়ের করা হয় এবং পরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version