নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে “নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম”-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। পাশাপাশি জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধাও রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার পৃথক একটি “স্টার্ট আপ ফান্ড” গঠন করা হচ্ছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য।
ম্যাংগোটিভি /আরএইচ


