নাক, কান ও গলা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা বা খাবার গ্রহণ–সবই এই অঙ্গগুলোর ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা বা ভুল অভ্যাসের কারণে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এসব সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

১. কানের যত্ন: কটন বাড বা অন্য কোনো বস্তু দিয়ে কানে খোঁচানো নিরাপদ নয়। এতে সংক্রমণ বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। গোসলের পর শুধু তোয়ালে বা নরম কাপড় দিয়ে কানের বাইরের অংশ মুছলেই যথেষ্ট।

২. অতিরিক্ত জোরে কথা বলা বা চিৎকার এড়িয়ে চলুন: দীর্ঘ সময় চিৎকার করলে ভোকাল কর্ডে সমস্যা হতে পারে। পেশাগত কারণে বেশি কথা বলা ব্যক্তিদের সতর্ক থাকা জরুরি।

৩. সুপার ও তামাকজাত দ্রব্য পরিহার করুন: মুখ, জিহ্বা ও গলার ক্যান্সারের ঝুঁকি কমাতে এগুলো পরিহার করা গুরুত্বপূর্ণ।

৪. উচ্চ আওয়াজে হেডফোন ব্যবহার করবেন না: একটানা ৬০ মিনিটের বেশি বা ৬০ ডেসিবেল বেশি শব্দে হেডফোন ব্যবহার কানের ক্ষতি করতে পারে।

৫. ধূমপান এড়িয়ে চলুন: নাক, কান, গলার ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি কমাতে ধূমপান পুরোপুরি বাদ দিন।

৬. নাক বাঁকা হলেই অপারেশন নয়: শ্বাসকষ্ট বা ঘন ঘন সাইনাস সংক্রমণ ছাড়া অপারেশনের প্রয়োজন নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া নাকের ড্রপ ব্যবহার ক্ষতিকর হতে পারে।

৭. অবৈজ্ঞানিক চিকিৎসা থেকে সাবধান: নাকের কোয়াক বা কবিরাজি চিকিৎসা স্থায়ী ক্ষতি করতে পারে। ‘অপারেশন ছাড়াই স্থায়ী সমাধান’ ধরনের বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না।

৮. টনসিল ব্যথা হলে সবসময় অপারেশন প্রয়োজন নয়: নির্দিষ্ট সময় ও চিকিৎসার মাধ্যমে অধিকাংশ টনসিলের সমস্যা নিয়ন্ত্রণে আসে।

৯. এলার্জিক রাইনাইটিস থাকলে নিয়মিত চিকিৎসা নিন: বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা চুলকানো এড়াতে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

১০. ঘাড়ে ফোলা বা চাকা হলে দ্রুত বিশেষজ্ঞ দেখান: ব্যথাহীন হলেও অবহেলা করবেন না। লিম্ফ গ্রন্থি সংক্রমণ, টিউমার বা অন্যান্য জটিলতার জন্য বিশেষজ্ঞ পরামর্শ জরুরি।

ডা. মো. আব্দুল হাফিজ শাফী, সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, ‘সচেতনতা ও সঠিক চিকিৎসাই সুস্থতার চাবিকাঠি। পর্যাপ্ত পানি পান, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও ঠান্ডা পরিহার করলে নাক-কান-গলার স্বাস্থ্য ভালো থাকে।’

সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সূত্র: সমকাল

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version