সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান রাষ্ট্র পরিচালনার জন্য একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করেছে। খবর সিএনএনের।

ইরানের সংবিধান অনুযায়ী, যদি সর্বোচ্চ নেতা ক্ষমতায় না থাকেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল তাঁর দায়িত্বভার গ্রহণ করবে। এই কাউন্সিলে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন জ্যেষ্ঠ আলেম। ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ (বিশেষজ্ঞ পরিষদ) নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত এই কাউন্সিল দায়িত্ব পালন করবে।

বর্তমানে গঠিত এই কাউন্সিলে রয়েছেন ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই।

আয়াতুল্লাহ আলিরেজা আরাফি একজন সুপ্রতিষ্ঠিত আলেম এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি খামেনির অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি প্রভাবশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এরও একজন সদস্য, যারা মূলত নির্বাচনের প্রার্থী এবং সংসদের পাস করা আইনগুলো যাচাই-বাছাই করে থাকে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version