দেশে সব ধরনের জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মোট মজুতের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
এদিকে রাজধানীর মগবাজারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন–এর আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদারসহ ৮ দফা দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে-পেট্রোল পাম্পে নির্ধারিত সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রি, উপজেলা ও জেলা পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধি, ডিপো থেকে ট্যাঙ্কলরির ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি মনিটরিং জোরদার করা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিলেও দেশে স্থায়ী কোনো সংকট নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন, যা পরিস্থিতিকে জটিল করে তুলছে।
এ অবস্থায় অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
ম্যাংগোটিভি /আরএইচ

