দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি., যা দেশের ব্যাংকিং খাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক থেকে গত ২ এপ্রিল নির্দেশনা পাওয়ার পরদিনই প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে ব্যাংকটি। দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন ব্যাংকটির অপারেশনাল দক্ষতা ও সমন্বিত কার্যক্রমের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

নতুন এই পণ্যের মাধ্যমে গ্রাহকরা তাদের হাতে থাকা ট্রেজারি বন্ড বন্ধক রেখে ঋণ নিতে পারবেন। ফলে বিনিয়োগ বিক্রি না করেই প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা।

ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর ফলে ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করা গেছে।

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, এই উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থার কাঠামোর মধ্যে থেকে গ্রাহকদের জন্য নতুন আর্থিক সমাধান দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন। তিনি জানান, গ্রাহকদের জন্য আরও উন্নত ও সহজ আর্থিক সেবা চালু রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক দেশের ব্যাংকিং খাতে আধুনিক ও উদ্ভাবনী সেবা চালুর ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version