বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত মঙ্গলবার (২১ জুলাই) বিএসইসির কমিশন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কমিশন।

বৈঠকে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অংশ নেন। অন্যদিকে আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচল সুপাচালাসাই-এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ড বাজারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর ভেরিফিকেশন প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থা, সম্ভাব্য ইস্যুকারীদের প্রস্তুতি, বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় টেকসই অর্থায়ন ও জলবায়ু-সহনশীল বিনিয়োগ সম্প্রসারণে পুঁজিবাজারের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত সংস্কার এবং বাজার অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

Share.
Exit mobile version