টানা বড় দরপতনের পর দেশের শেয়ারবাজারে আবারও বড় উত্থান দেখা গেছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। একই সঙ্গে সব মূল্যসূচকেও বড় উত্থান হয়েছে।
দিন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৩টির এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮ পয়েন্টে উঠেছে।
মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১৭৭ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার, যার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৩ লাখ টাকার। দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক–এর শেয়ার (২১ কোটি ৭৪ লাখ টাকা)। তৃতীয় স্থানে থাকা খান ওরিয়ন ইনফিউশন–এর শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫৮ লাখ টাকার।
এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা ব্যাংক, ইনটেক লিমিটেড, ব্যাংক এশিয়া, লাভেলো আইসক্রিম ও উত্তরা ব্যাংক।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ৩২টির কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
ম্যাংগোটিভি /আরএইচ

