জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রথমে যাচাই করা হচ্ছে, সত্যিই আইডিটি হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে হ্যাক করেছে—তা তদন্ত করা হবে।’

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উল্লেখ্য, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম দাবি করেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়।

তিনি জানান, হ্যাক হওয়ার কিছুক্ষণ পরই, আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

Share.
Exit mobile version