নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের দুই দিনের কর্মবিরতি স্থগিত করেছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘রমজান মাস ও পরিস্থিতি বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার ও পরেরদিন শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করছি। এই সময়ের মধ্যে উপদেষ্টা আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রোববার থেকে কর্মসূচি পুনরায় চালু হবে।’

সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক ইব্রাহীম খোকন জানান, উপদেষ্টা মহোদয় তাদের আশ্বস্ত করেছেন, তাই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এভাবে আজ বিকেল ৫টার পর থেকে কর্মসূচি স্থগিত থাকবে।

এর আগে চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা শনিবার থেকে কর্মবিরতি শুরু করে। শনিবার থেকে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হলেও মঙ্গলবার থেকে বন্দরে টানা কর্মবিরতি চলছে।

উল্লেখ্য, কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকালেই বন্দরে এসে আন্দোলনরতদের সঙ্গে বৈঠক করেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version