গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন।
সাফিকুর রহমানের পক্ষে অ্যাডভোকেট খোরশেদ আলম জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি তার বাবা গোলাম মোস্তফা সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার করা হয় এবং ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাদের রিমান্ডেও নেওয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসায় কাজ করার সময় শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হয়। তাকে মারধর করার পাশাপাশি গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও উঠে।
অসুস্থ অবস্থায় গত ৩১ জানুয়ারি শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ

