ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রোববার (১২ এপ্রিল) মুম্বাই-এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের একাধিক গণমাধ্যমসহ এনডিটিভি, এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তিনি ফুসফুসজনিত সমস্যায়ও ভুগছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবন্তী মঙ্গেশকরের সন্তানদের মধ্যে মেজ ছিলেন আশা ভোঁসলে। তার ভাইবোনদের মধ্যে লতা মঙ্গেশকর, মীনা, ঊষা ও হৃদয়নাথ মঙ্গেশকর—সবারই সংগীতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। মাত্র ৯ বছর বয়সে ১৯৪৩ সালে সংগীতজগতে যাত্রা শুরু করেন আশা ভোঁসলে। ক্যারিয়ারের শুরুতে বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় থাকলেও পরবর্তীতে নিজস্ব স্বকীয়তায় হয়ে ওঠেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য
প্রায় আট দশকের ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সহ বহু ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অনন্য। তার অর্জনের ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কার, এছাড়া ২০০৮ সালে তিনি পান পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হন এই কিংবদন্তি শিল্পী।

শেষকৃত্যের প্রস্তুতি

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তার মরদেহ মুম্বাইয়ের বাসভবনে রাখা হবে, যেখানে ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে বিকেল ৪টায় শিবাজী পার্ক-এ সম্পন্ন হবে তার শেষকৃত্য।

তার মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের সংগীত ও শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কোটি ভক্তের হৃদয়ে তার কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version