কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাইফুল আলম মিলন বলেন, ‘কারওয়ান বাজারে চাঁদাবাজি এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে এমপি নির্বাচিত হওয়ার পর শুনছি, এখানে গেলে আমার জীবনের ঝুঁকি আছে। সবাই বলে—ডোন্ট গো উইথ চাঁদাবাজি।’ তিনি আরও বলেন, চাঁদাবাজি বন্ধ করা খুবই কঠিন। দুদিন আগে শুনলাম, কয়েকজন মুরগি ব্যবসায়ী মিলে এক চাঁদাবাজকে ৬০ লাখ টাকা দিয়েছেন—এটি বড় অঙ্ক। এগুলো কারা নিচ্ছে, তা সবাই জানে। একা কারও পক্ষে সমাধান সম্ভব নয়; সবাইকে মিলেই কাজ করতে হবে।

সংসদ সদস্য বলেন, ‘আমি এলাকায় নির্বাচিত হয়েছি, কিন্তু লাঠিসোঁটা নিয়ে নামা আমার কাজ নয়। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘সরকার বলছে-সমঝোতার মাধ্যমে কিছু দেওয়া চাঁদাবাজি নয়। কিন্তু সব লেনদেনই তো সমঝোতার মধ্যে হয়। এ বক্তব্যে ভুল থাকলে তা সংশোধন করা উচিত।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি প্রতিরোধে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। বিষয়গুলো তুলে ধরে সরকারের নজরে আনার আহ্বান জানান তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version