ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র ২। সিজন ১-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে হাজির হওয়া এই সিরিজটি ইতোমধ্যে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’র ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘চক্র’ সিরিজের দ্বিতীয় কিস্তিতে আরও গভীর ও টানটান গল্প তুলে ধরা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে গত ২৬ মার্চ সিরিজটি মুক্তি পায় আইস্ক্রিন প্ল্যাটফর্মে। ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই সিরিজটি ১০ লাখ মিনিটের বেশি দেখা হয়েছে এবং এক লাখের বেশি দর্শক এটি উপভোগ করেছেন বলে জানানো হয়েছে।
সিরিজটির সাফল্য উদযাপন উপলক্ষে রোববার (২৯ মার্চ) রাজধানীর চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, যিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে ওটিটি কনটেন্ট এখন নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। ‘চক্র ২’ সেই সম্ভাবনারই একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে গল্প, নির্মাণ ও অভিনয়ের সমন্বয় দর্শকদের আকৃষ্ট করছে।’
এ সময় নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পীরা জানান, “চক্র ২”-এর গল্প ও চরিত্র নিয়ে কাজ করতে গিয়ে তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাদের আরও অনুপ্রাণিত করছে।
সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েতসহ আরও অনেকে।
তাদের শক্তিশালী অভিনয় এবং রহস্যঘেরা কাহিনি মিলিয়ে “চক্র ২” ইতোমধ্যে দর্শকদের কাছে একটি সফল ও আলোচিত ওয়েব সিরিজে পরিণত হয়েছে।
উল্লেখ্য, সিরিজটি দেখতে আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে মাত্র ২৫ টাকা পরিশোধ করেও পুরো সিরিজটি উপভোগ করা সম্ভব।
ম্যাংগোটিভি /আরএইচ

