নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে এপিআই সংযোগ ব্যবহারের জন্য আরও ১১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।
সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আমার সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, স্কাইলাইন সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান, আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নুজহাত আনোয়ার বলেন, ২০২০ সাল থেকে ডিএসই এপিআই ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ৭৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে লেনদেন পরিচালনার জন্য আবেদন করে।
তিনি জানান, সর্বশেষ এই ১১টি ব্রোকারেজ হাউজসহ এখন পর্যন্ত মোট ৫৮টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি ব্রোকারেজ হাউজ ইতোমধ্যে সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।
ম্যাংগোটিভি /আরএইচ

