সাধারণ ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে এনআরবিসি ব্যাংক রাজশাহীতে তিন দিনব্যাপী আউটরিচ প্রশিক্ষণের আয়োজন করেছে।
ব্যাংকটির হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরটিডিসি)-এর উদ্যোগে গত ৪, ৫ ও ৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ‘জেনারেল ব্যাংকিং অপারেশন অ্যান্ড এনআই অ্যাক্ট’, ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট’ এবং ‘এড্রেসিং চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং অপারেশন ফর অ্যাচিভিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক তিনটি সেশন পরিচালিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এইচআরটিডিসির প্রধান এসইভিপি ফাহমিদা চৌধুরী, চিফ লিগ্যাল অফিসার (সিএলও) ও এসভিপি শেখ তারেক নেওয়াজ, এসএমই বিজনেস বিভাগের প্রধান ও ভিপি মো. রমজান আলী ভূইঁয়া এবং রাজশাহী জোনের প্রধান ও এসইভিপি অসীম কুমার দাস। এতে রাজশাহী জোনের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে সাধারণ ব্যাংকিং কার্যক্রম, ঋণ আদায়, আইনগত পদক্ষেপ, এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে ঋণ বিতরণ ও তদারকি, গ্রাহক মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যাংকিং নীতি-নৈতিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফাহমিদা চৌধুরী বলেন, ব্যাংকিং খাতে সুশাসন ও দক্ষতা বৃদ্ধি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়নে সহায়ক হবে।
শেখ তারেক নেওয়াজ বলেন, ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই, যথাযথ ডকুমেন্টেশন, মাঠপর্যায়ে নজরদারি এবং সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করতে নির্ধারিত ব্যাংকিং পদ্ধতি অনুসরণ জরুরি। খেলাপি ঋণ কমাতে আইনগত প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা ও সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মো. রমজান আলী ভূইঁয়া বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সকল মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ক্ষুদ্রঋণের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা যেতে পারে।
ম্যাংগোটিভি /আরএইচ

