জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি সম্মানের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি–এর খবরে বলা হয়, মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ঘোষিত এ যুদ্ধবিরতি চলমান সংঘাত প্রশমনে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ সুগম করতে পারে। এ চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেন গুতেরেস।
তিনি বলেন, সব পক্ষকে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করতে হবে। এ আহ্বান ইসরায়েল ও লেবানন–এর পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ, যেমন হিজবুল্লাহ–এর ক্ষেত্রেও প্রযোজ্য।
এদিকে, এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান-ও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা–এর তথ্যমতে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সাময়িক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাংগোটিভি /আরএইচ

